নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম, এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। এক ধাক্কায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪০০ টাকা বাড়িয়ে বর্তমানে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ সপ্তাহখানেক আগেও সরকার নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৫০০ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত দামে বাজারে গ্যাস সিলিন্ডার পাওয়া যেত না। ক্রেতাদের অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়েই গ্যাস সংগ্রহ করতে হচ্ছিল। নতুন করে দাম বাড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।
এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চলতি মাসে কোম্পানি পর্যায় থেকেই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। তবে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে।
স্থানীয়ভাবে জানা যায়, গত মাসেও ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১ হাজার ৯০০ টাকায় পৌঁছেছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
বন্দর ঘারমোড়া এলাকার ‘বিসা মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক বিসা বলেন, “এক সপ্তাহ আগেও ১ হাজার ৫০০ টাকায় গ্যাস কিনেছি। এখন ৪০০ টাকা বেড়ে যাওয়ায় রান্নার খরচ অনেক বেড়ে গেছে।”
একই এলাকার বাসিন্দা রুবেল বলেন, “আগে সাড়ে ১৫০০ টাকায় গ্যাস কিনেছি, এখন ১৯০০ টাকা দিতে হচ্ছে। আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে। বাধ্য হয়ে কাঠের চুলায় ফিরতে হবে।”
ঘারমোড়া বাজারের গ্যাস বিক্রেতা জামাল মিয়া জানান, “পাইকারি দাম বেড়ে যাওয়ায় আমরাও বেশি দামে বিক্রি করছি। এতে ক্রেতাদের সঙ্গে প্রায়ই তর্ক-বিতর্ক হচ্ছে, ব্যবসাও মন্দা যাচ্ছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে প্রায় ৩০টি এলপিজি সরবরাহকারী কোম্পানি রয়েছে এবং প্রায় সবগুলোই দাম বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ইরান যুদ্ধের কারণে কাঁচামাল আমদানিতে ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বাজার নিয়ন্ত্রণে না আনলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।