মনোনয়ন ফিরে পেলেন নাগরিক ঐক্যের প্রার্থী সাকিব আনোয়ার



মুকুল হোসেন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী সাকিব আনোয়ার (মো. নাজমুস সাকিব) তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে প্রার্থিতা ফিরে পান তিনি।

মনোনয়ন ফিরে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাকিব আনোয়ার বলেন,
“সিরাজগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমি এই এলাকার সন্তান, এই এলাকার মানুষের প্রতিনিধি হতে চাই। আগামীর সংসদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

তিনি আরও জানান, ইনশাআল্লাহ ‘কেটলি’ প্রতীক নিয়ে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভোটার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

কাজিপুর সদর উপজেলার এক ভোটার আব্দুল করিম বলেন,
“নির্বাচনে একজন প্রার্থী বৈধভাবে অংশ নিতে পারা গণতন্ত্রের জন্য ভালো। জনগণই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচিত করবে।”

কাজিপুর উপজেলার কলেজছাত্রী ফারজানা ইয়াসমিন বলেন,
“তরুণ প্রার্থী হিসেবে সাকিব আনোয়ার নতুন চিন্তা নিয়ে আসতে পারেন। প্রতিযোগিতা বাড়লে ভোটারদের জন্য বিকল্প বাড়ে।”

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান,
“মনোনয়ন বাতিল ও ফিরে পাওয়ার ঘটনা নির্বাচনকে আরও আলোচনায় এনেছে। এখন আশা করি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাকিব আনোয়ারের প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও জোরালো হবে এবং ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করবে।