বরিশালে আট দলের সমাবেশ: রেজাউল করীমের বার্তা– ক্ষমতায় এলে চাঁদাবাজি বন্ধ হবে

বরিশাল ব্যুরো, আবু জাফর বিশ্বাসঃ

পাঁচ দফা দাবির পক্ষে আন্দোলনরত আট রাজনৈতিক দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে শনিবার একটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এই সমাবেশে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ইসলামপন্থিরা ক্ষমতায় এলে চাঁদাবাজি বন্ধ হবে। তিনি আরও বলেন, দেশের রাজনীতি ও অর্থনীতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। দুর্নীতি ও সম্পদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনা করেন।

সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আট দল শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি সংবিধানের ইসলামবিরোধী ধারা বাতিলের দাবিও জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।