কৃষি সম্ভাবনায় নতুন দিগন্ত: ঝিনাইগাতীতে এগ্রো বিজনেস সেন্টার চালু

তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি:


কৃষকদের পণ্য সংরক্ষণ ও বিপণনের সুযোগ আরও সুসংহত করতে শেরপুরের ঝিনাইগাতীতে চালু হলো এগ্রো বিজনেস সেন্টার। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া রাবারড্যাম এলাকায় এ কেন্দ্রের উদ্বোধন করেন জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ এলজিইডি ও জাইকার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উপপ্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকৃত উপপ্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মহারশি নদীর রাবার ড্যাম, রাবার ড্যাম সংযোগ সেতু, মহারশি হেডার ট্যাংক, মহারশি গোডাউন, এগ্রো বিজনেস সেন্টার ও চাতাল, এবং পানির সঞ্চালন পাইপলাইন।

পরে মহারশি ফ্ল্যাগশিপ উন্নয়ন উপ-প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাইকার প্রতিনিধি ইচিগুচি তমোহিদে

সভায় আরও বক্তব্য দেন—
জাইকার সিনিয়র প্রতিনিধি সোজি ইজোমি,
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম,
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) পরিচালক মো. সানিউল হক,
শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান,
মহারশি রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ


এলজিইডির তথ্য অনুযায়ী, ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ এগ্রো বিজনেস সেন্টারে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিরাপদে সংরক্ষণ ও ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। এছাড়া মহারশি ফ্ল্যাগশিপ উন্নয়ন প্রকল্পে ১৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম, সেচ পাইপলাইন ও সমিতি ভবন নির্মাণ করা হয়েছে।

ফলে আশপাশের ১ হাজার ৯৩ হেক্টর জমি আবাদযোগ্য হয়েছে এবং উপকৃত হচ্ছেন ১ হাজার ৫০০ কৃষক। স্থানীয় কৃষকদের মতে, এই উদ্যোগ তাদের উৎপাদন সক্ষমতা, আয় এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।