চরমোনাই মাহফিল সমাপ্ত: আখেরী মুনাজাতে দেশের শান্তি কামনা

Date: 2025-11-29
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ



লাখো মুসল্লির অশ্রুসিক্ত তওবা–ইস্তেগফার ও জিকিরে মুখর পরিবেশে সমাপ্ত হলো বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী বিশাল মাহফিল। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) আখেরী মুনাজাত পরিচালনা করেন।


আখেরী মুনাজাতে দেশ–জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বের নিপীড়িত মানুষের শান্তি ও মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। বিশেষভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও সমাজের সব অনিয়ম থেকে দেশকে রক্ষার আহ্বান জানানো হয়।


সমাপনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন,
“দুনিয়ার মোহই সর্বপ্রকার পাপ ও অনিয়মের মূল। হায়াত শেষ হলে সম্পদ, ক্ষমতা বা খ্যাতি—কিছুই কাজে আসে না। তাই তাকওয়া অর্জন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।”


তিনি অহংকার, হিংসা–বিদ্বেষ, গীবতসহ সব ধরনের গুনাহ থেকে দূরে থাকার তাগিদ দেন এবং পরিবারের মধ্যে দ্বীন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

মুনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও মুক্তির জন্য কান্নাভেজা আবেদন ছিল চোখে পড়ার মতো।


অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই কয়েকটি অঙ্গীকার করান—


  • প্রতিদিন জিকিরে অভ্যস্ত হওয়া

  • ছহীহ কুরআন তিলাওয়াত

  • নেশা ও অপসংস্কৃতি বর্জন

  • হালকায়ে জিকির ও তালীমে নিয়মিত অংশগ্রহণ


মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং মোবারকবাদ জানান সকলকে।

Leave Your Comments