ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে হত্যা: স্বেচ্ছাসেবক দলের নেতাকে প্রধান আসামি করে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গুলি করে সাদ্দাম হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছেন। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহতের বাবা মোস্তফা কামাল ওরফে মস্তু বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এ মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে মামলাটি গ্রহণ করা হয়েছে। এছাড়া আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান ওসি।