সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ—জয়ের বিকল্প নেই টাইগারদের

Date: 2025-11-29
news-banner

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঘরের মাঠে আইরিশদের মুখোমুখি হবে টাইগাররা। তিন ম্যাচ সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে।

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে পিছিয়ে পড়ে টাইগাররা। সেই ম্যাচে ব্যাটিং ইউনিটের বড় ব্যর্থতায় জয় হাতছাড়া হয়। বিশেষ করে টপ অর্ডারের দ্রুত ভেঙে পড়া দলের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ায়।

এরই মধ্যে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে প্রস্তুত আয়ারল্যান্ড দল। প্রথম ম্যাচ জয়ের পরও তারা বিশ্রামে যায়নি। শুক্রবার দুপুর ১টা থেকে অনুশীলনে অংশ নেয় আইরিশ শিবির। যদিও ঐচ্ছিক এই অনুশীলনে প্রথম টি-টোয়েন্টির একাদশে থাকা ক্রিকেটাররা ছিলেন না। অন্যদিকে, পরাজয়ের পরেও বিশ্রামেই ছিল বাংলাদেশ দল।

সিরিজের দ্বিতীয় ম্যাচও হবে ব্যাটিং সহায়ক উইকেটে। তাই রান-বন্যার সম্ভাবনা উড়ানো যাচ্ছে না। গুঞ্জন রয়েছে আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্তত একজন ব্যাটার ও একজন বোলারকে বাদ দিয়ে নতুন মুখ দেখা যেতে পারে একাদশে।

জয় পেলে সিরিজে সমতা ফিরবে বাংলাদেশ, আর হারলে নিশ্চিত হবে সিরিজ হার। তাই ঘরের মাঠে মর্যাদা রক্ষার ম্যাচকে সামনে রেখে টাইগার ভক্তদের প্রত্যাশা—আজ ঘুরে দাঁড়াবে লাল সবুজের প্রতিনিধিরা।

Leave Your Comments