চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের সঙ্গে চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ওসির সঙ্গে আলাপের এক পর্যায়ে সাইফুর রহমান বলেন—
“আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিবির–জামায়াতের লোক দেব। যদি আপনারা মনে করেন গোয়েন্দার লোক লাগবে, ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব।”
তিনি দাবি করেন, গত ২০ নভেম্বর মিরসরাইয়ে ডাকাতি বন্ধের বিষয়ে থানায় আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ভিডিওতে আরও দেখা যায়, সাইফুর রহমান ওসিকে বলেন—
“মিরসরাইতে ক্রমবর্ধমান ডাকাতি চলছে। যদি দুয়েকটা ডাকাতকে স্ট্যান্ডবাই ধরে শাস্তি দিতে পারতাম, লোকজনের নজরে আনতে পারতাম, তাহলে মনে হতো অ্যাকশনমূলক কাজ হচ্ছে।”
তিনি আরও যোগ করেন—
“এখন আমরা তো ডাকাত ধরার জন্য একেক বাড়িতে হানা দিতে পারি না। উল্টো আমাদেরই ডাকাত হিসেবে চিহ্নিত করে ফেলবে।”
কথোপকথনে সাইফুর রহমানকে আরো বলতে শোনা যায়—
“ডিজিএফআইয়ের যারা দায়িত্বে ছিল, তাদের সঙ্গেও ফোনে কথা বলেছি। আগের এসবির দায়িত্বে যিনি ছিলেন, তাকেও বিষয়গুলো বলেছি। আপনারা ইনফরমেশন দিলেই পুলিশ অ্যাকশনে যাবে।”
এ সময় ভিডিওতে ওসি আতিকুর রহমানও কথা বলতে শোনা যায়। তিনি বলেন—
“এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার। অন্তত ১৫ দিন সহযোগিতা করেন, দেখেন কী ফল আসে। আপনারা সমাজসেবীদের নিয়ে পাড়ায়–পাড়ায় টিম করেন। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, পুলিশ যুক্ত থাকবে, আমি সরাসরি তদারকি করব এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করব।”