টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

Date: 2025-11-28
news-banner

টানা তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন।

শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদকেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন—
“এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি না। তারপরও যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সম্মিলিতভাবে পালন করবো। ভুল হলে দায় আমার। যে ভার বহন করতে পারবো না, আল্লাহ যেন সে ভার না দেন। ভুলের কারণে ঘৃণা করবেন না, সমালোচনা করে সোজা করবেন।”

তিনি আরও বলেন—
“দেশ ও জনগণের স্বার্থেই কাজ করবো। দলীয় কারণে দেশের মানুষ যেন কষ্ট না পায়। দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের অগ্রগতি থেমে গিয়েছিলো। দীর্ঘ ১৬ বছর জাতি দুঃসময় পার করেছে, সবাই মজলুম ছিলো, কারাগার ছিলো প্রথম বাসস্থান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই আমরা কারাবরণ করেছি।”

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমীর নির্বাচিত হয়েছিলেন ডা. শফিকুর রহমান। গত ২ নভেম্বর জামায়াতের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে দলটির ইতিহাসে অধ্যাপক গোলাম আযমমাওলানা মতিউর রহমান নিজামী টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায় যুক্ত ডা. শফিকুর রহমান যুবজীবনে জাসদ ছাত্রলীগে যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে পরবর্তীতে সিলেট শহর, জেলা ও মহানগর আমীরের দায়িত্ব পালন করেন।

গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীতে জাতীয় কাউন্সিলের সদস্যদের গোপন ভোটে তিন বছরের জন্য আমীর নির্বাচন করা হয় এবং নির্বাচিত আমীর প্রধান নির্বাচন কমিশনারের সামনে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ সম্পন্ন করেন।

Leave Your Comments