শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৬

শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ঘটেছে কমপক্ষে ৫৬ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০-র বেশি ঘরবাড়ি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মধ্য প্রদেশের পাহাড়ি জেলা বদুল্লা ও নুয়ারা এলিয়ায়।

এই দুই জেলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে ভূমিধসে। এখনো নিখোঁজ রয়েছেন ২১ জন, আহত হয়েছেন আরও ১৪ জন। বিভিন্ন অঞ্চলেও ভূমিধস ও আকস্মিক বন্যায় মানুষের মৃত্যু হয়েছে। আটকে পড়া লোকজনকে উদ্ধারে তৎপর রয়েছে জরুরি সেবা বিভাগ।

প্রবল দুর্যোগের কারণে দেশটির সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহ থেকে বিরূপ আবহাওয়া শুরু হলেও বৃহস্পতিবার পরিস্থিতির আরও অবনতি ঘটে। টানা বর্ষণে ঘরবাড়ি, কৃষিজমি, সড়কপথ প্লাবিত হয় এবং কিছু যানবাহন ভেসে যায়। নদ-নদী ও জলাধার উপচে পড়ায় প্রধান কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে। পাহাড়ি এলাকায় রেলপথে পাথর, কাদা ও গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে।