আবু জাফর বিশ্বাস বরিশাল ব্যুরোঃ
দীর্ঘ বিরতির পর আবারো চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশে স্টিমারটি যাত্রা শুরু করে।
শতবর্ষী এই নৌযান সংস্কার শেষে নতুন রূপে ফিরেছে নদীপথে। ইঞ্জিন পরিবর্তন, কাঠের ডেক সংস্কার ও বাহ্যিক কাঠামো নবায়ন করা হলেও স্টিমারের ঐতিহ্যবাহী কাঠের গন্ধ, বাঁশির সুরসহ বেশ কিছু বৈশিষ্ট্য আগের মতোই রাখা হয়েছে।
১৯২২ সালে নির্মিত পিএস মাহসুদ শুধু একটি নৌযানই নয়—এটি দেশের নদীবন্দর সংস্কৃতি ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ইতিহাসের জীবন্ত স্মারক। বাংলা সাহিত্যেও রয়েছে এই স্টিমারের উল্লেখযোগ্য উপস্থিতি। বিশেষ করে কবি জীবনানন্দ দাশ বহুবার স্টিমারযোগে বরিশাল-খুলনা-কলকাতা রুটে যাতায়াত করেছেন। তাঁর লেখায় তাই উঠে এসেছে নদীর রাত, স্টিমারের আলোর রেখা ও যাত্রাপথের অভিজ্ঞতা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর মানুষের আগ্রহ ও ঐতিহ্য রক্ষার তাগিদে পিএস মাহসুদকে পুনরায় চালু করা হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে—
সুলভ শ্রেণি: ৬০০ টাকা
দ্বিতীয় শ্রেণি: ১,৬৫০ টাকা
প্রথম শ্রেণি: ২,৬০০ টাকা (ভ্যাটসহ)
বরিশালে স্থায়ী ঘাট না থাকায় আপাতত কীর্তনখোলা নদীর ত্রিশ গোডাউন পন্টুনে স্টিমারটি নোঙর করবে। শনিবার (২৯ নভেম্বর) সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে আবার যাত্রা করবে ঐতিহ্যবাহী এই প্যাডেল স্টিমার।
নদীপথের দীর্ঘ ইতিহাস বুকে ধারণ করে পিএস মাহসুদ তাই আবারও ফিরেছে যাত্রীদের স্মৃতিমাখা যাত্রাসঙ্গী হয়ে।