বন্দরে ‘চোর’ অপবাদে রাজমিস্ত্রী পারভেজকে পিটিয়ে হত্যা, নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Date: 2025-11-28
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে রাজমিস্ত্রী পারভেজ (৩০) কে অমানবিক নির্যাতনের পর পিটিয়ে হত্যার ঘটনায় নারীসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী খাদিজা বেগম। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বন্দর থানায় মামলা (নং-৩৭(১১)২৫) দায়ের করা হয়। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করতে পারেনি।


নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসো এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত রোববার (২৩ নভেম্বর) রাত ১টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে নবনির্মিত একটি ভবনে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে।

মামলার অভিযোগে জানা যায়, সম্প্রতি বন্দর থানার সোনাচড়া এলাকায় আওয়ামী লীগ নেতা এম এ রশীদের ভাই মেসবাহউদ্দিন ওরফে মেছেরের নির্মাণাধীন ভবন থেকে বাদীর ভাই জাবেদ চুরি করে বলে অভিযোগ তোলেন মেছের। বিষয়টি কেন্দ্র করে মেছের, তার ছেলে মাহিন, মা হাজেরা বেগমসহ রাশেদ, মুন্না, শান্ত ও রায়হান বাদিনীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল।


ঘটনার রাতে মদনপুর থেকে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে মেছেরের বাড়ির সামনে পৌঁছালে তারা পারভেজকে জোরপূর্বক ধরে নির্মাণাধীন ভবনে নিয়ে যায় এবং ‘চোর’ অপবাদ দিয়ে রাতভর পিটিয়ে নির্মম নির্যাতন চালায়। পরে তাকে হত্যা করে ভবনের বারান্দার সামনে লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।


এ বিষয়ে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন,
“হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Leave Your Comments