নিজস্ব
প্রতিনিধি:
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর লালবাগ
থানাধীন জগৎ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার
(২০২৫ খ্রি.) বিদায় নিলেন ২৪ জন শিক্ষার্থী। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তাদের শ্রেণি কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন থানা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোসাম্মাৎ জেবুন্নেছা শেলী, সহকারী থানা শিক্ষা
অফিসার জেসমিন আক্তার, স্বপ্না রাণী, জান্নাতুল ফেরদৌস ও পিটিএ. সভাপতি আব্দুল্লাহ
আল মামুন। এ সময় বিদ্যালয় প্রধান শেখ মোসাম্মৎ নাসরিন মাহমুদা ও সিনিয়র সহকারী শিক্ষক
শায়লা রহমানসহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা বিদায়ী শিক্ষার্থীদের
ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক ও সফল জীবন গড়ার লক্ষ্যে জ্ঞাণগর্ভ আলোচনা করেন।
পরে শিক্ষার্থীদের কেক কাটা, গান পরিবেশনা,
ছড়া ও কবিতা আবৃত্তি এবং নাচ-গানের মধ্য দিয়ে সকলে বেশ আনন্দ উপভোগ করেন। এ সময় শিক্ষার্থীদের
বিশেষ অনুরোধে সহকারী থানা শিক্ষা অফিসার স্বপ্না রাণী রবীন্দ্র সঙ্গীত “পুরানো সেই
দিনের কথা ভুলবি কিরে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।” গানটির অংশবিশেষ
খালি গলায় গেয়ে শোনালে সবার মধ্যে এক মুগ্ধতা ছড়ায়। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য
রাখেন অত্র বিদ্যালয়ে শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া বিদায়ী শিক্ষার্থী
রাইয়ান বিন মামুন।