চট্টগ্রাম বন্দরের ট্রানজিট সুবিধা ব্যবহার করে প্রথম চালান ভুটানে পাঠানো হলো

Date: 2025-11-27
news-banner

চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহার করে ভুটানে আমদানি পণ্যের প্রথম চালান রওনা হয়েছে। ট্রানজিট চুক্তি ও প্রটোকল স্বাক্ষরের ২ বছর ৮ মাস পর বুধবার রাত ১০টার দিকে কাস্টমস প্রক্রিয়া শেষে পণ্যভর্তি কনটেইনার নিয়ে একটি লরি বুড়িমারী স্থলবন্দর হয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রায়াল রান হিসেবে চালানটি ভুটানে পৌঁছবে।


চট্টগ্রাম থেকে সড়ক পথে পণ্য পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ও শিলিগুড়ি হয়ে ৬৮৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভুটানে পৌঁছাবে। চালানে রয়েছে ৬,৫৩০ কেজি শ্যাম্পু, চকলেট, জুস, পাম ফলসহ বিভিন্ন পণ্য, যার খালাসে বাংলাদেশ আয় করেছে ১,০১,৭১৩ টাকা


চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ট্রায়াল রান চলাকালে বিভিন্ন বিষয়ের পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সমস্যা থাকলে তা সমাধান করা হবে। এরপর ভুটান নিয়মিতভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য পরিবহণ করবে, যা দুই দেশের জন্যই লাভজনক হবে।


ভুটান স্থলবেষ্টিত একটি দেশ, যেখানে কোনো সমুদ্র বা নদীবন্দর নেই। এখন পর্যন্ত তাদের ভারতীয় বন্দরের ওপর নির্ভরতা ছিল। ২০২৩ সালের ২২ মার্চ চুক্তি ও প্রটোকল স্বাক্ষরিত হয়, এবং গত বছরের বৈঠকের পর দুটি ট্রায়াল রান সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


চুক্তি বাস্তবায়নের প্রথম সুফল হিসেবে থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে আগত পণ্য খালাসের পর বুধবার রাতে ভুটানে পাঠানো হয়েছে। এই উদ্যোগ ভুটানের জন্য খরচ সাশ্রয় এবং বাংলাদেশের জন্য নতুন অর্থ আয় নিশ্চিত করবে।

Leave Your Comments