শামীম আহমেদ জয়, মতলব (চাঁদপুর) :
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, এবারের নির্বাচনে মানুষ ১৭ বছর পর নিজের ভোট দিতে পারবে, যা দীর্ঘদিন ধরে তারা প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, অতীতে ভোট চুরি ও ডাকাতি হয়েছে, তবে এবার জনগণের হাতে ভোটের অধিকার এসেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর-২ নির্বাচনী এলাকার মতলব দক্ষিণে পথসভা ও গণসংযোগে তিনি এ কথা বলেন। তানভীর হুদা দুপুর ২টা ৩০ মিনিটে মতলব টোল প্লাজা থেকে গণসংযোগ শুরু করে, এরপর বিভিন্ন বাজার ও ইউনিয়ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও শোভাযাত্রা করেন। এই শোভাযাত্রায় অংশ নেন পাঁচ শতাধিক মোটরসাইকেল।
তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসবে, এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার সঠিক পথে যাবে।
মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, দল যে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তা চূড়ান্ত নয়, আরও যাচাই-বাছাই চলছে। জনপ্রিয় নেতা আব্দুস শুক্কুর পাটোয়ারী ও অধ্যাপক ডা. মাহবুব আহমেদ শামীম মনোনয়ন রিভিউ দাবি করেছেন। তিনি যোগ করেন, সম্ভাব্য ও চূড়ান্ত মনোনয়ন দুইটি আলাদা বিষয়, তাই কেউ বিভ্রান্ত না হোক।
সভায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ ও উত্তর, পৌর, ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন সাবেক ও বর্তমান নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।