হংকংয়ের একটি উঁচু ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৫ জনে দাঁড়িয়েছে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থলেই ৫১ জন মারা গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আগুনে কমপক্ষে ১২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন অগ্নিনির্বাপক কর্মী রয়েছেন।
তবে কতজন এখনও নিখোঁজ রয়েছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি। আগুন লাগার ২৪ ঘণ্টা পরও কমপ্লেক্সের কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। অধিকাংশ বাসিন্দা বয়স্ক ছিলেন এবং ভবনগুলো তখন সংস্কারকাজের জন্য বাঁশের অস্থায়ী কাঠামো ও সেফটি নেটিংয়ে ঘেরা ছিল।
ঘটনার পর সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানির তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবসৃষ্ট অবহেলায় মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডটি নির্মাণকর্মীদের মারাত্মক গাফিলতির কারণে ঘটেছে।