আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
বরিশাল সদর উপজেলার প্রশাসনে নতুন দিগন্তের সূচনা হলো। এই উপজেলায় প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেলেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার মানজুরা মুশাররফকে বরিশাল সদর উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
২৬ নভেম্বর প্রকাশিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণের পথ সুগম করেন। এর আগে মানজুরা মুশাররফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনকালে ভূমি প্রশাসন ও জনসেবামুখী কার্যক্রমে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট বরিশাল সদর উপজেলায় নারীর নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ায় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, এই নিয়োগ স্থানীয় প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আগামী দিনে অনেক নারীর জন্য অনুপ্রেরণার উৎস হবে।
স্থানীয় প্রশাসন মনে করছে, দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবনিযুক্ত এই নারী ইউএনও বরিশাল সদর উপজেলায় জনসেবামুখী প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করবেন।