ঝিনাইদহ, ২৭ নভেম্বর – ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে বিএনপির দু-পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি দু-গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মারামারিও হয়েছে।
আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং ২টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।