পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সেনাবাহিনী প্রেসিডেন্টকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট সিসোকো এমবালোকে আটক করা হয়েছে। এক ভিডিওবার্তায় অভ্যুত্থানের ঘোষণা দেন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
অভ্যুত্থানকারীরা ক্ষমতা গ্রহণের পর দেশের চলমান নির্বাচনি প্রক্রিয়া স্থগিত করেছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে আকাশ, জল ও স্থলপথের সব সীমান্ত। দেশজুড়ে জারি হয়েছে কারফিউ। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে প্রেসিডেন্ট এমবালো গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানান, সেনারা তাকে ক্ষমতাচ্যুত করেছে।
সরকারি সূত্রের বরাতে জানা গেছে, সেনারা প্রেসিডেন্টের পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস, সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকে আটক করেছে। এছাড়া সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান ও তার ডেপুটি জেনারেল মামাদু টুরেকও আটক হয়েছেন।
এর আগে দেশটির নির্বাচন কমিশন, প্রেসিডেন্টের বাসভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোলাগুলির শব্দ পাওয়া যায়। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ভোটের ফলাফল বৃহস্পতিবার ঘোষণা হওয়ার কথা ছিল। কয়েক দিন আগেই সংবিধানবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দেশের একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এর জেরেই গিনি-বিসাউয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর উত্তেজনা বৃদ্ধি পায়।