রাওয়ালপিন্ডি, পাকিস্তান – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মারা গেছেন এমন গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলত ভারত ও আফগানিস্তানের কিছু সংবাদমাধ্যম এই গুজব ছাপায় তা দ্রুত ভাইরাল হয়।
ইমরান খানের তিন বোন—নরীন খান, আলীমা খান ও উজমা খান—অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি চাওয়ার সময় পুলিশের হাতে তারা নৃশংস মারধরের শিকার হয়েছেন। তারা জানান, ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য কারাগারের বাইরে জড়ো হওয়া তাদের ওপর পুলিশ হামলা চালায়।
এই ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলও প্রতিবাদ জানিয়েছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইমরান খানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রদান করতে। এছাড়া, পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি জানানো হয়েছে। পিটিআই গুজব ছড়ানোর পেছনের কারণ উদঘাটনের জন্যও তদন্তের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তিন বোনকে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এই অবস্থার কারণে সমর্থকরা সন্দেহ প্রকাশ করেছেন যে ইমরান খানের ওপর কারাগারে কোনো ধরনের হুমকি বা নৃশংসতা চালানো হতে পারে।