ঢাকা, ২৭ নভেম্বর – দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী র্যালি শেষে এ তথ্য জানান।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে প্রথমবারের মতো একযোগে উদযাপিত হচ্ছে প্রাণী সম্পদ সপ্তাহ। সকালেই বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয়।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “সরকার অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে নয়। আমরা দেশীয় প্রাণিজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান, প্রথমবারের মতো মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে পদক প্রদান করবে মন্ত্রণালয়।