রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিন মামলার রায় আজ ঘোষণার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিজিবি ও পুলিশ। ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে এই মামলার গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে। উপস্থিত রয়েছেন দুদকের আইনজীবী দলও।
পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তার পরিবারসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে রাজউক বিধিমালা লঙ্ঘন করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন তিনি। একই অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও মামলা করা হয়।
শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন বলে আদালতে জানানো হয়। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত রোববার বিচারক আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।
দুদকের আইনজীবীরা জানান, অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিকে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর।