আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পূর্বে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তা।
সভা সূত্রে জানা গেছে, নির্বাচনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে কার্যকর কর্মকৌশল নির্ধারণে নির্দেশনা দেবে ইসি। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে কতজন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে এবং ভোটের আগে-পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে—সে বিষয়েও আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ভোটের আগে-পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব উঠে আসে। এবার ভোটকেন্দ্রভেদে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য দায়িত্ব পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।