নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল (৩৫) নামে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মী—আব্দুল করিম (৩৫) ও আব্দুল রাজ্জাক (৩৬)। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সোনামিয়া বাজার সংলগ্ন এলাকায় ডিপিডিসির ট্রান্সফরমার পরিবর্তনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৯ জন বিদ্যুৎ কর্মী এবং ডিপিডিসির লাইনম্যান আক্তারের নেতৃত্বে একটি দল ট্রান্সফরমার পরিবর্তন কাজ শুরু করে। কাজ শুরুর আগে আক্তার কন্ট্রোল রুমের শাহ আলম ও উজ্জ্বলকে বিদ্যুৎ লাইন বন্ধ করার নির্দেশ দেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে মনে করে টেকনিশিয়ান নজরুলকে খুঁটিতে উঠার নির্দেশ দেন।
নজরুল খুঁটিতে উঠে কাজ শুরু করলে হঠাৎ ১১ হাজার ভোল্টের বিদ্যুতের সংযোগ পেয়ে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটিতে আটকে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল করিম ও আব্দুল রাজ্জাকও বিদ্যুৎস্পৃষ্ট হন।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
ঘটনার পর ডিপিডিসির কর্মকর্তাদের গাফিলতি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যুৎ সংযোগ না বন্ধ করেই কাজের অনুমতি দেওয়া হয়েছে। তারা বলেন—এ মৃত্যুর দায় ডিপিডিসির।
এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন,
“কিভাবে ঘটনা ঘটেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। দায়িত্বে কারও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন,
“দু’জন আহত ও একজন নিহত হয়েছেন। বিস্তারিত তদন্ত চলছে।”