নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সুমন বর্মন (৪৫) নামে একটি স্টিল মিলের কর্মকর্তাকে কুপিয়ে অর্ধলক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে যাত্রীবেশী সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে ধাওয়া করে সিএনজি চালকসহ এক ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আটককৃত ছিনতাইকারী হৃদয় (২৯)। সে মুন্সিগঞ্জ জেলার হাটখোলা এলাকার মোখলেছ মিয়ার ছেলে এবং বর্তমানে বন্দর রেললাইন এলাকার মুক্তার মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে বন্দর থানায় দায়েরকৃত ২২(৮)২৫ নম্বর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বন্দর মালিবাগ এলাকার ‘আলট্রা স্টিল রি-রোলিং মিলস লিমিটেড’-এর ইনচার্জ সুমন বর্মন সেদিন রাতে আসমানী পরিবহনের বাসে করে স্টাফ কোয়ার্টার থেকে কেওঢালা ইউ-টার্নে নামেন। পরে তিনি সেখান থেকে একটি সিএনজিতে ওঠেন। জাঙ্গাল এলাকায় পৌঁছালে সিএনজিতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে রাস্তার ওপর ফেলে পালানোর চেষ্টা করে।
এসময় ঘটনাটি প্রত্যক্ষ করা যাত্রীবাহী বাস চালক সিএনজিটিকে ধাওয়া করে লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছালে জনতা সিএনজি ও চালক হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে চক্রের বাকি দুই সদস্য কৌশলে পালিয়ে যায়।
বন্দর থানা পুলিশের পরিদর্শক মোঃ লিয়াকত আলী জানান, “আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।”