পাকিস্তানের পেশোয়ারের সদর এলাকায় ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) সদর দফতরে সন্ত্রাসী হামলায় তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ পর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ।
ভিডিও ফুটেজে দেখা যায়—একজন আত্মঘাতী হামলাকারী চাদর জড়িয়ে প্রধান গেটের দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এরপর আরও দুই সন্ত্রাসী কমপাউন্ডে ঢোকার চেষ্টা করলে এফসি সদস্যরা গুলি করে তাদের হত্যা করে। হামলার সময় কমপাউন্ডের ভেতরে সপ্তাহের প্রথম কর্মদিবসের অ্যাসেম্বলি চলছিল।
পেশোয়ার সিসিপিও ড. মিয়ান সাঈদ আহমদ জানান, “আত্মঘাতী বিস্ফোরণে তিন এফসি সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছেন। পরে পুরো এলাকায় ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করা হয়।”
এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর জামাতুল আহরার শাখা।
হামলার পর পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কারণে প্রধান করিডোরে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেন, “নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপ বড় ধরনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করেছে।” নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও অন্যান্য রাজনৈতিক নেতারা।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে পেশোয়ারের পুলিশ লাইন্স মসজিদে আত্মঘাতী হামলায় ৮৪ জন নিহত হওয়ার পর এটিই শহরের সবচেয়ে বড় নিরাপত্তা স্থাপনায় হামলা।