আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিং কাজ চলমান থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ বিকেল থেকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত— অথবা পুনঃনির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের দেওয়া ঘোষণায় বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ইতোমধ্যে চিঠি দিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসি।