বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ভারতীয় একাধিক গণমাধ্যম তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।
শুরুতে যখন দু-একটি সংবাদমাধ্যম নির্মাতা করন জোহরের বরাতে মৃত্যুর খবর প্রকাশ করে, তখন অনেকেই বিভ্রান্তিতে পড়েন—কারণ কয়েকদিন আগেও অনলাইনে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিল। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এক্স’ হ্যান্ডেলে শোকবার্তা জানানোর পর বিষয়টি নিশ্চিত হয় এবং ভক্তদের মাঝে নেমে আসে গভীর শোক।
শোকবার্তায় মোদি লিখেছেন, “ধর্মেন্দ্র জি'র চলে যাওয়ার মাধ্যমে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হলো। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের আইকনিক ব্যক্তিত্ব। অসাধারণ অভিনেতা হিসেবে চরিত্রে নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরতে পারতেন। এই শোকের মুহূর্তে আমি তার পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
পরিচালক করন জোহর লিখেছেন, “মেইনস্ট্রিম সিনেমার আদর্শ নায়কের প্রতিচ্ছবি ছিলেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের প্রকৃত কিংবদন্তি। এক ও অদ্বিতীয় ধর্মেন্দ্র জি—আপনাকে গভীরভাবে মিস করব।”
মাত্র ১২ দিন আগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। গত অক্টোবরের শেষ দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগামী ৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন উদযাপন করার পরিকল্পনা ছিল পরিবারের।
১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানা জেলায় জন্ম নেওয়া ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন। ‘বন্দিনী’, ‘আই মিলন কি বেলা’, ‘খামোশি’, ‘হকিকত’, ‘ফুল অউর পাথর’সহ অসংখ্য ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ছিলেন রোমান্টিক নায়ক, অ্যাকশন তারকা ও বাণিজ্যিক চলচ্চিত্রের সফল মুখ।
তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।