মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, দুই বন্ধু নিহত

Date: 2025-11-24
news-banner

বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানঘরে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। একইসাথে গুরুতর আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। 

রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এই ঘটনাটি ঘটে।  নিহতরা হলেন, গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে মেহেদি হাসান (২০) এবং গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারীর ছেলে সাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।

পুলিশ জানায়, ফুলবাড়ী ঘাটপার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকান ঘরের শাটারে জোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুলের মৃত্যু হয়।
   আহত উৎসব জানান, তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন। বন্ধু মেহেদীকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছিল। ফলে দুর্ঘটনাটি ঘটে যায়।  

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments