নারায়ণগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

Date: 2025-11-24
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দর থানায় চোর সন্দেহে পারভেজ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ভোররাতে সোনাচড়া এলাকার মেসবাহউদ্দিন ওরফে ‘মেসের’ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে— রাত প্রায় ২টার দিকে মেসবাহউদ্দিন ও তার ছেলেরা চোর সন্দেহে পারভেজকে আটক করে বেধড়ক মারধর করতে থাকে। টানা নির্যাতনের ফলে সকাল প্রায় ৭টার দিকে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে বাড়ির ভেতরের বারান্দা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভেজের বাড়ি সিদ্ধিরগঞ্জের বারমাসি এলাকায়। তিনি মৃত তাড়ামিয়ার ছেলে। বর্তমানে তিনি বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনো মালামাল উদ্ধার হয়নি এবং কাউকে আটকও করেনি পুলিশ।
মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, পারভেজ চোর না সে নির্মাণ শ্রমিক রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান।
স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ  লিয়াকত আলী জানান, শনিবার রাতে মেসবাহউদ্দিন তার দু’ছেলেকে সঙ্গে নিয়ে চুরির অভিযোগে পারভেজকে আটকে মারধর করে। সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা পালিয়ে যায়। খবরপেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ির থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।।

Leave Your Comments