আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সুমি আক্তার (ছদ্মনাম) নামে এক ডায়াগনস্টিক সেন্টার কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে এক চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণা ও প্ররোচনার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ থানায় মামলা করেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মাসুদ পারভেজ (ছদ্মনাম) নিয়মিত রোগীদের আল্ট্রাসনোগ্রাম করাতে হাসপাতালের পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারে যাতায়াত করতেন। ওই সময় সেন্টারের কর্মী সুমি আক্তারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্থানীয়দের কাছে আলোচিত হয়ে ওঠে।
পরিবারের বরাতে জানা যায়, সম্পর্কের একপর্যায়ে সুমি তার সংসার ভেঙে নতুনভাবে সম্পর্ক গড়ার সিদ্ধান্ত নেন। তবে সম্প্রতি তিনি জানতে পারেন, চিকিৎসক তার সঙ্গে “প্রতারণা করেছেন” বলে অভিযোগ পরিবারের। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে মানসিক চাপে থাকার কথা উল্লেখ করেন তিনি।
পরবর্তীতে সুমি বিষপান করলে তাকে গুরুতর অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শের-ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকের অবস্থান সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন, এ ঘটনায় বিভিন্নজনের মাধ্যমে কিছু অভিযোগ শুনেছি। মৃতের পরিবার চাইলে যেকোনো আইনি সহযোগিতা দেওয়া হবে।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের আগে কাউকে দায়ী করা যাচ্ছে না।