নারায়ণগঞ্জ সদর থানা সহ সকল থানার লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ

Date: 2025-11-23
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সংঘটিত চুরি, ছিনতাই, দস্যুতা, মাদক এবং অন্যান্য অপরাধের অগ্রগতি মূল্যায়নসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে অনুষ্ঠিত হলো মাসিক অপরাধ পর্যালোচনা সভা। শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী অক্টোবর/২০২৫ মাসে দায়ের হওয়া মামলাগুলোর অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

তিনি তাঁর বক্তব্যে অক্টোবর মাসে ডাকাতি ও দস্যুতার সংখ্যা কমায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের ধন্যবাদ জানান।

একই সঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন টহল বৃদ্ধি এবং হাইওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বিত ক্রস পেট্রোলিংয়ের নির্দেশনা দেন।

লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান জরুরি জেলা পুলিশ সুপার:

সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনায় পুলিশ সুপার জানান “সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা এবং পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ অতি দ্রুত উদ্ধার করতে হবে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার সময় এসেছে।”

তিনি আরও বলেন, ইতোমধ্যে লুণ্ঠিত এসব অস্ত্র উদ্ধার সংক্রান্ত তথ্য প্রদানকারীকে পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বে এই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে কঠোর নির্দেশ:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী এবং বঞ্চিত নেতাদের বিভিন্ন জনসভা, মিছিল বা সমাবেশে পুলিশকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন পুলিশ সুপার।

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা

সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য নিম্নোক্ত পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।

জেলার শ্রেষ্ঠ এএসআই: আড়াইহাজার থানার এএসআই (নিঃ) মামুনুর রশিদ

জেলার শ্রেষ্ঠ এসআই: রূপগঞ্জ থানার এসআই (নিঃ) জয়নাল আবেদীন

ক্লুলেস মামলা ডিটেকশনে বিশেষ দক্ষতা: ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএম

অর্পিত দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পাদন: সদর কোর্টের ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল কাইয়ূম

গুরুত্বপূর্ণ মামলা নিস্পত্তিতে সাফল্য: সদর মডেল থানার ইন্সপেক্টর (নিঃ) মোঃ জামাল উদ্দিন

বাৎসরিক ফায়ারিং সাফল্যের সঙ্গে সম্পন্ন: এসআই (সঃ) কাজল মিয়া ও তাঁর টিম

১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার: রূপগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ শাহারুল ইসলাম

সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার: আড়াইহাজার থানার ড্রাইভার কং/১৬৩৯ মোঃ হাওলাদার লপ্তি

সভায় উপস্থিত ছিলেন
জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, সিআইডি, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ সব থানার অফিসার ইনচার্জগণ।

সাম্প্রতিক লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

এ অঞ্চলে নিরাপত্তার গুরুত্বপূর্ণ সম্পদ সরকারি অস্ত্র-গোলাবারুদ লুণ্ঠনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
দ্রুত উদ্ধার না হলে নিরাপত্তা ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই নাগরিক সমাজসহ সচেতন মহল জেলা প্রশাসনের কঠোর নজরদারি এবং পুলিশের দ্রুত সমন্বিত অভিযানের দাবি জানিয়েছেন।।

Leave Your Comments