১৩ মিলিয়ন বছর আগের একটি কচ্ছপের ফসিলের নাম 'শাকিরা' রাখলেন কলম্বিয়ার একদল গবেষক। বোগোতার ইউনিভার্সিদাদ দেল রোসারিও এবং লা তাতাকোয়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষকরা এই আবিষ্কার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এক প্রতিবেদনে কলম্বিয়া ওয়ান এ তথ্য জানায়।
জানা গেছে, প্রাগৈতিহাসিক যুগে কলম্বিয়ার তাতকোয়া মরুভূমিতে পাওয়া যেতো কচ্চপের এই প্রজাতিটি। যার একটি ফসিল নমুনা খুজে পায় লা ভিক্টোরিয়া নামের একটি এলাকার স্থানীয় কৃষকরা।
বিস্তর গবেষণা চালিয়ে ফসিলটির ভেতর সম্পূর্ণ অবিকৃত মাথার খুলি ও দেহের খোলশ আবিষ্কার করে বিজ্ঞানীরা। ফসিলটিতে আরও মেলে বিবর্তনের বিচিত্র ও অনন্য কিছু বৈশিষ্ট্য।
এই আবিষ্কার শুধু কলম্বিয়ার নয়, বৈশ্বিক প্যালিওনটোলজি গবেষণার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতাকোয়া অঞ্চলের অতীত জীববৈচিত্র্য, পরিবেশগত বিবর্তন এবং মধ্য মায়োসিন যুগের প্রাণিকূল সম্পর্কে নতুন তথ্যের দুয়ার খুলে দিয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কার ভবিষ্যৎ গবেষণার জন্য আরও সমৃদ্ধ পথ তৈরি করবে।