পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ, গুলি বর্ষণ ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ফরিদপুর পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত দুস্কৃতিকারীদের অভিযুক্ত করা হয়েছে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আজম জানান, ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলায় ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্ঠা করছে।
এর আগে, ফরিদপুর উপজেলা সদরের থানা পাড়া এলাকায় অবস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে বৃহস্পতিবার রাত ১২টার পর কোন এক সময় ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করা হয়। ককটেলের আঘাতে অফিসের দরজা ভেঙে গেলে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়।
পরদিন সকালে বিএনপির নেতাণকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরির্দশ করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির খোসা উদ্ধার করে।