বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে শীর্ষে অ্যাড. জয়নুল আবেদীন মুলাদীতে গণসংযোগ—নেতা-কর্মীর উচ্ছ্বসিত সাড়া

Date: 2025-11-22
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ



বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ আসনে সবচেয়ে আলোচিত ও এগিয়ে থাকা সম্ভাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুক্রবার দিনব্যাপী মুলাদীতে গণসংযোগ ও মতবিনিময় করেন। মীরগঞ্জ ফেরিঘাটে পৌঁছালে শত শত নেতা-কর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পুরো এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

এর আগে তিনি মুলাদী উপজেলার বিভিন্ন স্থানে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “দল আমাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছে। মনোনয়ন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। খুব শিগগিরই ধানের শীষের প্রতীক নিয়ে বরিশাল-৩ এর জনগণের কাছে ফিরে আসব।”
তিনি আরও বলেন, “ধানের শীষের বিজয়ের জন্য ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতেই হবে, তবে নিরীহ কাউকে হয়রানি করা যাবে না।” এ সময় তিনি নিহত রবিউলের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী।

এছাড়া মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন, আইনজীবী নেতা এডভোকেট দিপু মোল্লা, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা গণসংযোগে অংশ নেন। তার সফরসঙ্গী ছিলেন আইনজীবী নেতা আনিসুর রহমান ও এডভোকেট আমিনুল ইসলাম মাসুদ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল নেতাকর্মীদের মতে, সংগঠনগত তৎপরতা, মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও দীর্ঘদিনের দলীয় অবদানের কারণে বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

Leave Your Comments