নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে সাম্যবাদী দল (এম এল)–এর উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) নগরীর ১১ নং কেসি নাগ রোডের আমলারা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক, ডিআইটি এলাকা প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ।
মিছিল শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমরেড সাঈদ আহম্মেদ। তিনি বলেন, নারায়ণগঞ্জের কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছেন। তিনি দাবি করেন, “দলের নেতাকর্মীদের মুখে স্লোগান ছিল— ‘সাঈদ আহাম্মেদ আসছে, রাজপথ কাঁপছে।’”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে যেকোনো ধরনের সন্ত্রাস, দখলদারী ও গডফাদারতন্ত্রের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে। রাজনৈতিক আধিপত্যবাদ ও সহিংসতার বিরুদ্ধে সংগঠনের ‘বিপ্লবী প্রতিরোধ বাহিনী’ সোচ্চার ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের প্রতি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান কমরেড সাঈদ আহম্মেদ। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন— অধিকারবঞ্চিত মানুষের সংগ্রাম আরও বেগবান হবে।