গাইবান্ধা-১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

Date: 2025-11-22
news-banner

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ. সরকারি কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে সমাবেশে এসে শেষ হয়।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তারা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন একজন নেতাকে মনোনয়ন দেয়ায় আসনটি ধানের শীষের জন্য ঝুঁকির মুখে পড়েছে।

বক্তাদের দাবি, সুন্দরগঞ্জে সবচেয়ে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী আরেফিন আজিজ সরদার সিন্টু। সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলে শক্ত অবস্থান রয়েছে। তাই তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে বর্তমান প্রার্থী পরিবর্তন করে সিন্টুকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জামিউল ইসলাম জমু, যুগ্ম-আহ্বায়ক মোশতাক আহমেদ, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাহামুদুল হাসান সিদ্দিক মুসা, মহিলাদল নেত্রী বিউটি বেগম, দহবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন, বিএনপি নেতা মন্টু মিয়া, মাইদুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

Leave Your Comments