রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি সাভারে স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দফা রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে ভুটানের প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
এর আগে সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, আজ বিকেলে তোবগে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৩টায় তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে।