ভূমিকম্পে বরিশালের বসতঘর নদীতে তলিয়ে গেলো, পরিবার নিঃস্ব

Date: 2025-11-21
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ


বরিশালের বানারীপাড়ার উত্তর নাজিরপুর গ্রামের ধানহাটখোলা সংলগ্ন একটি বসতঘর মাত্র ২৬ সেকেন্ডের ভূমিকম্পে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হওয়ার কিছুক্ষণ পরই মো. আবু বকর ঘরামির ঘর হুড়মুড় করে ভেঙে নদীতে পড়ে। এতে ঘরসহ কয়েক শতক জমি, ফলজ গাছপালা এবং পরিবারের সকল সম্পদ নদীর তীরে হারিয়ে গেছে।

আবু বকর ঘরামি জানান, “আমাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু নদীতে চলে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় থাকবো? কীভাবে চলবো? সব হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন।”

স্থানীয়রা জানিয়েছেন, নদীভাঙনের কারণে এলাকা প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ হলেও ভূমিকম্পের অভিঘাতেই হঠাৎ ধস নেমে এই বিপর্যয় ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং এর মাত্রা রিখটার স্কেলে ৫.৭। দেশের গাজীপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, বগুড়া ও পটুয়াখালীসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।

Leave Your Comments