রাশিয়া ইরানের পরমাণু ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, গত জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় রাশিয়া কঠোর নিন্দা জানিয়েছে। তিনি বলেন, পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন সামরিক পদক্ষেপ গ্রহণ করা অগ্রহণযোগ্য।
জাখারোভা আরও জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে থাকা কোনো পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক অ-বিস্তার ব্যবস্থার জন্য গভীর সংকট সৃষ্টি করে এবং এনপিটি চুক্তির নীতিমালাকেও ক্ষতিগ্রস্ত করে। তিনি রাশিয়ার পক্ষ থেকে বারবার পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন যে, ইরানের অভ্যন্তরে অশান্তি সৃষ্টির চেষ্টার চেয়ে সংলাপ ও কূটনীতি গ্রহণ করা উত্তম।
তিনি বলেন, আলোচনা পুনরায় শুরু করতে হলে ইরানকে ‘গুরুতর নিশ্চয়তা’ দিতে হবে যে তাদের পারমাণবিক স্থাপনাগুলো আর কখনো হামলার লক্ষ্যবস্তু হবে না।
জাখারোভা জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির ভাষা বাদ দিয়ে ইরানের সঙ্গে কূটনীতির পথে ফিরতে হবে।
রাশিয়ার এই অবস্থান ইরানের পারমাণবিক ইস্যুতে শান্তিপূর্ণ ও সংলাপভিত্তিক সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছে।