ইরানের স্পিকার: যুক্তরাষ্ট্র ছাড়া ইসরাইল ইরানের সঙ্গে এক সপ্তাহও যুদ্ধ চালাতে পারবে না

Date: 2025-11-21
news-banner

ইসরাইল যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানের সঙ্গে এক সপ্তাহও যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শুক্রবার ইমাম খোমেনি সমাধিস্থলে বসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর সমাবেশে তিনি এ বক্তব্য দেন। মেহর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


গালিবাফ বলেন, গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইল যে ১২ দিনের আগ্রাসন চালায়, তাতে তারা ‘যথাযথ শাস্তি’ পেয়েছে এবং সামরিকভাবে ব্যর্থ হয়েছে।


 তিনি দাবি করেন, ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র নয়—জনগণের সমর্থনই দেশকে সবচেয়ে শক্তিশালী করে।



তিনি বলেন, ‘যদি মানুষের হৃদয় আমাদের সঙ্গে থাকে, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আর যদি তারা না থাকে, আমাদের ক্ষেপণাস্ত্রও তেমন কার্যকর হবে না।’ গালিবাফ বলেন, ইরানের জনগণ ও সামরিক বাহিনীর সামনে ইসরাইলসহ তাদের মার্কিন সমর্থকরাও পরাজিত হয়েছে।


তিনি আরও জানান, যুদ্ধ শুরুর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন সংঘাত থামানোর উদ্দেশ্যে। তার দাবি, জায়নিস্ট সরকার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন ছাড়া ইরানের সঙ্গে এক সপ্তাহও টিকতে পারবে না, এবং তাদের টিকে থাকা কেবল বহিরাগত সমর্থনের কারণেই সম্ভব হয়েছে।


গালিবাফ অভিযোগ করেন, যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পরও ইসরাইল–মার্কিন জোট বিভিন্ন মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে ইরানের জনগণকে ইসলামি ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণকে ইসলামি প্রতিষ্ঠানের পাশে রাখা—ইরানের ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি।

Leave Your Comments