শামীম আহমেদ জয় ,মতলব, চাঁদপুর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চোরাই মোবাইল ফোন রাখার অভিযোগে মহসীন আহ্মেদ নামে একজন ইউপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে পাঠান বাজার এলাকায় ‘রাজু টেলিকম’ দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মতলব উত্তর থানার এসআই সাদেকুর রহমান ও এএসআই রবিউল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে রাত ৯টা ২০ মিনিটে দোকান থেকে ৭টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মহসীন আহম্মেদ সাদুল্লাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে রয়েছে Redmi, Samsung, Vivo ও Realmeসহ বিভিন্ন ব্র্যান্ড। এর মধ্যে একটির IMEI নম্বর কেটে ফেলা ছিল।
স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধির এ ধরনের অপরাধে জড়ানো সমাজের জন্য লজ্জাজনক। পুলিশ জানায়, দোকান থেকে সরাসরি মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে এগুলো চোরাই বলে নিশ্চিত করা হয়েছে। মামলাটি ৪১৩/৩৪ ধারায় রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি মো. রবিউল হক বলেন, “জনপ্রতিনিধি চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া অত্যন্ত দুঃখজনক। আইন সবার জন্য সমান, কাউকে ছাড় দেওয়া হবে না। পুরো চক্র চিহ্নিত করতে তদন্ত চলছে।”