সংযুক্ত আরব আমিরাতে চলমান দুবাই এয়ার শো’তে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন। গালফ নিউজের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে যায়।
‘তেজস’ হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একক ইঞ্জিনযুক্ত মাল্টিরোল যুদ্ধবিমান, যা আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি উভয় ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম। এই বিমানটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে।
এটি তেজস সিরিজের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিধ্বস্ত হওয়ার ঘটনা। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে এটি তেজস বিমানের দ্বিতীয় দুর্ঘটনা। তবে সেবার পাইলট নিরাপদে বেরিয়ে এসেছিলেন।