রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিহত ও আহতদের জন্য সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ভূমিকম্পে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন এবং দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০০ জন আহত হয়েছেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে আহত ও নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দোয়া করেন, আল্লাহ আহত ও নিহতদের পরিবার-পরিজনদের ধৈর্য দান করুন।
জামায়াত আমির আরও বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং হতাহতের ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
বিবৃতির শেষ অংশে তিনি সতর্ক করেন, ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে বহুতল ভবন তৈরি হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করতে হবে। তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারও সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।