ভারতের সীমান্তে ৫.৪ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত
রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০:৪২ মিনিটের পর ভূমিকম্পের কম্পন শহরগুলোতে মানুষকে আতঙ্কিত করেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভারত-মিয়ানমার সীমান্তে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে সংস্থাটি ৫.১ মাত্রা জানিয়েছিল, পরে সংশোধন করে ৫.৪ মাত্রা নিশ্চিত করেছে।
ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আইজল শহর থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং মিয়ানমারের ফালাম শহর থেকে ৩২ কিলোমিটার উত্তরপূর্বে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে।
তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা কেবল কয়েক সেকেন্ডের কম্পন অনুভব করেছেন। দেশজুড়ে মানুষ আতঙ্কিত হলেও পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত রয়েছে।