বরিশালে নির্বাচনি মাঠে মোটরসাইকেল শোভাযাত্রা, দাঁড়িপাল্লার সমর্থনে শক্তি প্রদর্শন

Date: 2025-11-21
news-banner

আবু জাফর বিশ্বাস বরিশাল ব্যুরোঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল-৫ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় নগরীর বেলসপার্ক থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে এসে শোভাযাত্রা শেষ হয়।

দলীয় নেতাদের দাবি—শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, রুপাতলী, দপদপিয়া সেতুসহ বিভিন্ন এলাকায় শোভাযাত্রা অতিক্রমকালে স্থানীয় জনসাধারণ তা প্রত্যক্ষ করেন।

এতে নেতৃত্ব দেন বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথিমধ্যে নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, দিনারের পুল ও সাহেবেরহাটে কয়েকটি পথসভায় বক্তারা নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, নির্বাচনি মাঠে গণসমর্থনের ইতিবাচক বার্তা দিতে এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। তবে কতজন শোভাযাত্রায় অংশ নিয়েছেন—তা নিয়ে স্বাধীন কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অনেকে শোভাযাত্রার শৃঙ্খলা প্রশংসা করে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর এমন শান্তিপূর্ণ কর্মসূচি ভোটারদের মাঝে আস্থা সৃষ্টি করবে।

Leave Your Comments