বরিশালে ১৮ মাস পর ঘূর্ণিঝড় রেমালে নষ্ট ২৭২ টন সার ধ্বংস

Date: 2025-11-21
news-banner

আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরোঃ


বরিশালে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের ১৮ মাস পর নষ্ট হয়ে যাওয়া ২৭২ টন সার ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গুদামের পাশে প্রায় ৫ হাজার ৬৪০ বস্তা সার মাটিচাপা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত সারের বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএডিসি বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক আসাদুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাফীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএডিসি জানিয়েছে, ২০২৪ সালের ২৬ মে আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের সময় গুদামে পানি ঢুকে সারগুলো নষ্ট হয়েছিল। পানিতে ভিজে কার্যকারিতা হারানোর কারণে এগুলো কৃষি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

বিএডিসির যুগ্ম পরিচালক জানান, “মন্ত্রণালয়কে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল। নির্দেশনা ও প্রক্রিয়াগত জটিলতার কারণে ধ্বংসে বিলম্ব হয়েছিল।” নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাফী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার পরই সেগুলো ধ্বংস করা সম্ভব হয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, দীর্ঘ বিলম্বে সরকারি অর্থের অপচয় হয়েছে এবং এটি ব্যবস্থাপনার সমন্বয়হীনতা স্পষ্ট করছে।

Leave Your Comments