ডিবি হেফাজতে যুবদল নেতা হত্যা মামলার আসামির মৃত্যু

Date: 2025-11-21
news-banner

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার আসামি মোক্তার হোসেন ডিবি হেফাজতে মারা গেছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে পল্লবী থেকে মোক্তার হোসেন ও তার বড় ছেলেকে হেফাজতে নেওয়া হয় এবং মোক্তারকে সেখানে নির্যাতন করা হয়। তারা দাবি করেছেন, তিনি হত্যাকাণ্ডে জড়িত না হলেও শুধু রাজনৈতিক স্বার্থে নির্যাতনের শিকার হয়েছেন।

ডিএমপি জানিয়েছে, কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার ৩ জনের তথ্যের ভিত্তিতে মোক্তার হোসেনকে ধরা হয়েছিল। আটককালে স্থানীয় জনতা তাকে কিলঘুষি মেরে আহত করে। পরে রাতেই অসুস্থ বোধ করার কারণে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবারো ডিবিতে ফিরিয়ে আনা হয়। শুক্রবার সকালে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার মিরপুরে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। নিহতের স্ত্রী ৫ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য পরে ডিবিতে হস্তান্তর করা হয়।

Leave Your Comments