বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নতুন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি তিনজন নারীর একজন তাদের জীবনে যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে বড় অংশই স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা নির্যাতনের সম্মুখীন হয়েছেন।
২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬৮টি দেশের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বের ৮৪ কোটি নারী জীবনে যৌন সহিংসতার শিকার হয়েছেন। চলতি বছরই ৩১ কোটি ৬০ লাখ নারী শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন স্বামীর দ্বারা।
WHO এই পরিস্থিতিকে জনস্বাস্থ্য ও মানবাধিকার সংকট হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থার সহকারী মহাপরিচালক জেরেমি ফারার বলেছেন, ‘নারীর প্রতি সহিংসতার দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে নারীর শারীরিক, মানসিক, যৌন ও প্রজনন স্বাস্থ্য, সন্তান এবং সমাজের ওপর।’
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে বেশি নিপীড়নের ঘটনা ঘটে অস্থিতিশীল এলাকা, সংঘাতপূর্ণ অঞ্চল, অনুন্নত দেশ ও জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত এলাকায়।