বরিশালে ২০ কোটি টাকার ‘বিলাসী প্রকল্প’ বাতিলের দাবি গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন

Date: 2025-11-20
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ

 নিত্যসেবাহীন শহরে ২০ কোটি টাকার ‘বিলাসী প্রকল্প’ গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন, বরিশাল জেলা শাখা। প্রকল্পটি অবিলম্বে বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। 
 বৃহস্পতিবার (২০ নভেম্বর) নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বরিশাল শহরে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, ভাঙাচোড়া সড়ক, বিদ্যুৎ–পানি–গ্যাসের সংকট— এসব সমস্যা প্রতিনিয়ত নাগরিকদের ভোগাচ্ছে। অথচ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এ সব সমস্যা সমাধানে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি।

 বরং নাগরিকদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে অপচয়মূলক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশীদ নীলু। তিনি বলেন, “এই জনবিরোধী প্রকল্প নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।

 নাগরিক সুবিধা নিশ্চিত না করেই বিল আরোপের উদ্যোগ অযৌক্তিক ও অমানবিক।” নেতারা জানান, ১৬ নভেম্বর বিসিসির এক সভায় প্রকল্পটির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। বিষয়টি জানার পর সংগঠনের পক্ষ থেকে মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। ১৭ নভেম্বর প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করতে গেলে তিনিও কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ তাদের।

 সংগঠনের নেতারা দাবি করেন, শহরের জরুরি সমস্যাগুলো অগ্রাধিকার দিয়ে সমাধানে বিসিসির উদ্যোগ না থাকলে গণসংহতি আন্দোলন রাস্তায় নামতে বাধ্য হবে।

 সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ–নির্বাহী সমন্বয়কারী মারুফ আহমেদ, অর্থ সম্পাদক ইয়াসমীন সুলতানা, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

Leave Your Comments